বেসরকারি হাসপাতালে এন্ট্রি লেভেলে চিকিৎসকদের বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ

ডেন্টাল টাইমস

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, মেডিকেল ও ডেন্টাল কলেজসমূহের এন্ট্রি লেভেলে কর্মরত চিকিৎসকদের জন্য একটি যৌক্তিক, সমন্বিত ও সম্মানজনক বেতন কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে সরকার । এই লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে । আজ মঙ্গলবার (৯ জুন ২০২৬) মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটি গঠনের বিষয়টি জানানো হয় ।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এই কমিটির আহ্বায়ক এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালককে (মানব সম্পদ ব্যবস্থাপনা) সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব (বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা), স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল)। তবে কাজের সুবিধার্থে কমিটি প্রয়োজনে যেকোনো সদস্যকে কো-অপ্ট করতে পারবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে ।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতকাল ৮ জুন স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকদের উপস্থিতিতে ইন্টার্ন চিকিৎসক ও পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধি দলের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভার যৌথ বিবৃতির সিদ্ধান্তের আলোকেই বেসরকারি খাতের চিকিৎসকদের বেতন বৈষম্য দূর করতে এই কমিটি গঠন করা হলো।

গঠিত এই কমিটিকে তিনটি সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথমত, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, মেডিকেল ও ডেন্টাল কলেজসমূহের এন্ট্রি-লেভেলে কর্মরত চিকিৎসকদের বিদ্যমান বেতন, ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধাসমূহ পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণপূর্বক এন্ট্রি-লেভেলের চিকিৎসকদের জন্য একটি যৌক্তিক, সমন্বিত ও সম্মানজনক বেতন কাঠামোর খসড়া প্রণয়ন করা। এবং তৃতীয়ত, এই প্রণীত বেতন কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশসহ একটি প্রতিবেদন আগামী ২০ (বিশ) কার্যদিবসের মধ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব বরাবর দাখিল করা ।

বেসরকারি চিকিৎসা খাতের মানোন্নয়ন এবং তরুণ চিকিৎসকদের দীর্ঘদিনের আর্থিক অসন্তোষ দূর করতে সরকারের এই সিদ্ধান্তকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এই সংবাদটি শেয়ার করুন
এই সংবাদ নিয়ে আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version