৪৭ মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার, ডেন্টালের ২ শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৪

ডেন্টাল টাইমস

ঢাকার তেজগাঁও ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে ৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিভিন্ন অঙ্গের হাড়সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার তেজগাঁও থানা পুলিশের এক ‘বিশেষ অভিযানে’ তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন- কাজী জহুরুল ইসলাম সৌমিক (২৫), মো. আবুল কালাম (৩৯), আসাদুল মুন্সী জসিম এরশাদ (৩২) ও মো. ফয়সাল আহম্মেদ (২৬)। তারা কবরস্থান থেকে মানুষের কঙ্কাল সংগ্রহ করে কেনাবেচা চক্রের সদস্য বলে দাবি করেছে পুলিশ।

তালেবুর রহমান বলেছেন, মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

গ্রেপ্তার সৌমিক উত্তরার সাপ্পোরো ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালের শেষ বর্ষের শিক্ষার্থী। আর ফয়সাল একই কলেজ থেকে পড়াশোনা শেষ করে ইন্টার্নের জন্য অপেক্ষমান।

তেজগাঁও থানা পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে তেজগাঁওয়ের মনিপুরীপাড়া এলাকার সড়কে কবরস্থান থেকে মানুষের কঙ্কাল সংগ্রহ করে কেনাবেচা চক্রের এক ব্যক্তির অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে সৌমিককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তেজগাঁও কলেজের সামনে থেকে আবুল কালাম ও আসাদুল মুন্সীকে আটক করা হয়, তাদের দুই জনের কাছেও দুটি কঙ্কাল পাওয়া যায়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি বাসা থেকে এই চক্রের হোতা ফয়সালকে আটক করা হয়।

“এ সময় তার বাসা থেকে অবৈধ উপায়ে সংগ্রহকৃত ৪৪টি মাথার খুলিসহ মানব কঙ্কাল উদ্ধার করা হয়।”

পুলিশ জানিয়েছে গ্রেপ্তারদের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

এই সংবাদটি শেয়ার করুন
এই সংবাদ নিয়ে আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version