শেবাচিম ডেন্টাল ইউনিট

৭৪ শতাংশ শিক্ষক পদ খালি : একটি শ্রেণিকক্ষে ৫ ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস

ডেন্টাল টাইমস

অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং দীর্ঘদিনের শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা।

শনিবার (২৭ জুন) দুপুরে শেবাচিম ক্যাম্পাসে বিডিএস শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা ডেন্টাল ইউনিটের বিদ্যমান বিভিন্ন সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

শিক্ষার্থীরা জানান, শেবাচিম ডেন্টাল ইউনিটে অনুমোদিত শিক্ষক পদের সংখ্যা ৫২টি হলেও বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ১১ জন শিক্ষক। অর্থাৎ প্রায় ৭৪ শতাংশ শিক্ষক পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। সীমিত সংখ্যক শিক্ষক দিয়ে একাডেমিক পাঠদান, ক্লিনিক্যাল প্রশিক্ষণসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে, যা শিক্ষার মান নিশ্চিত করার ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

তারা বলেন, দেশের অন্যান্য ডেন্টাল কলেজ ও ইউনিটে স্বতন্ত্র ভবন ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকলেও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট এখনো নিজস্ব ভবন থেকে বঞ্চিত। বর্তমানে পাঁচটি ব্যাচের শিক্ষার্থীদের জন্য মাত্র একটি শ্রেণিকক্ষ ব্যবহার করা হচ্ছে। এর ফলে নিয়মিত ক্লাস পরিচালনা ও শিক্ষার উপযুক্ত পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।

শিক্ষার্থীরা আরও বলেন, শিক্ষক সংকটের কারণে কর্মরত শিক্ষকদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের প্রয়োজনীয় একাডেমিক দিকনির্দেশনা ও ক্লিনিক্যাল প্রশিক্ষণ যথাযথভাবে নিশ্চিত করা কঠিন হয়ে উঠছে। এতে শিক্ষক ও শিক্ষার্থী উভয় পক্ষই নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “বর্তমান পরিস্থিতিতে কীভাবে মানসম্মত ও পূর্ণাঙ্গ ডেন্টাল শিক্ষা নিশ্চিত করা সম্ভব—এটাই আমাদের প্রধান প্রশ্ন। আমাদের এই কর্মসূচির উদ্দেশ্য হলো দীর্ঘদিনের এসব সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা এবং দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করা।”

তারা আরও বলেন, “বরিশাল অঞ্চলে ডেন্টাল চিকিৎসাসেবার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো শেবাচিম ডেন্টাল ইউনিট। এখান থেকেই ভবিষ্যতের দক্ষ দন্তচিকিৎসকরা তৈরি হবেন। কিন্তু পর্যাপ্ত শিক্ষক, প্রয়োজনীয় অবকাঠামো ও শিক্ষাবান্ধব পরিবেশ ছাড়া সেই লক্ষ্য অর্জন করা কঠিন। বর্তমানে মাত্র ১১ জন শিক্ষকের পক্ষে ১০টি বিভাগের পাঠদান ও সার্বিক একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা অত্যন্ত চ্যালেঞ্জিং।”

শিক্ষার্থীরা জানান, দক্ষ ও যোগ্য চিকিৎসক হিসেবে নিজেদের গড়ে তুলতে হলে প্রয়োজন মানসম্মত শিক্ষা ব্যবস্থা। আর এর জন্য পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, শূন্য পদ পূরণ, ডেন্টাল ইউনিটের জন্য পৃথক ভবন নির্মাণ এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা জরুরি।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত শিক্ষক নিয়োগ, দীর্ঘদিনের শূন্য পদ পূরণ এবং ডেন্টাল ইউনিটের সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

ডেন্টাল টাইমসে প্রকাশের উদ্দেশ্যে সংবাদ/লেখা পাঠাতে চাইলে নাম, ফোন নাম্বার এবং বিস্তারিত ছবিসহ আমাদের dentaltimesbd@gmail.com এ ই-মেইল করুন । এছাড়া, জরুরী প্রয়োজনে যোগাযোগ করুন - বার্তাকক্ষ ০১৮৩৩৩৯১৫৮১

আমাদের প্রকাশিত সংবাদ নিয়মিত পেতে

সোশ্যাল মিডিয়ায় আমাদের Follow করুন​

এই সংবাদ নিয়ে আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ