দেশব্যাপী অবৈধভাবে পরিচালিত ডেন্টাল চেম্বার ও টেকনোলজিস্টদের মাধ্যমে দাঁতের চিকিৎসা বন্ধ এবং প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে পূর্ণাঙ্গ ডেন্টাল সেন্টার প্রতিষ্ঠার দাবিতে সংবাদ সম্মেলন করেছে Doctors’ Movement for Justice (DMJ) – BDS Wing।
বুধবার (২৯ জুলাই) আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সংগঠনটির নেতারা বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাম্প্রতিক রায়ের পরও দেশের বিভিন্ন স্থানে ডেন্টাল টেকনোলজিস্ট পরিচয়ে দাঁতের চিকিৎসা দেওয়া হচ্ছে, যা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) আইন, ২০১০-এর পরিপন্থী। এতে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং জটিল চিকিৎসা জটিলতাও তৈরি হচ্ছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ডেন্টাল টেকনোলজিস্টদের শিক্ষা ও প্রশিক্ষণের পরিধি নির্দিষ্ট কিছু প্রযুক্তিগত কাজে সীমাবদ্ধ। তারা দাঁতের রোগ নির্ণয়, চিকিৎসা পরিকল্পনা, অস্ত্রোপচার, দাঁত উত্তোলন, রুট ক্যানাল, প্রেসক্রিপশন প্রদান কিংবা অন্য কোনো ক্লিনিক্যাল চিকিৎসাসেবা দেওয়ার আইনগত অধিকার রাখেন না। অথচ দেশের বিভিন্ন এলাকায় এসব কার্যক্রম অব্যাহত থাকায় সাধারণ মানুষ প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়ছেন।
অন্যান্য সংবাদ
ডিএমজে আরও জানায়, বাংলাদেশে সরকারি পর্যায়ে ডেন্টাল চিকিৎসাসেবার পরিধি এখনও সীমিত। অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পূর্ণাঙ্গ ডেন্টাল সেন্টার না থাকায় সাধারণ মানুষ প্রয়োজনীয় ও মানসম্মত দন্তচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। এই সংকট দূর করতে উপজেলা পর্যায়ে বিসিএস (BDS) ক্যাডার চিকিৎসকদের মাধ্যমে আধুনিক ডেন্টাল সেন্টার চালুর দাবি জানানো হয়।
সংগঠনটির পক্ষ থেকে দুই দফা দাবি তুলে ধরা হয়। প্রথমত, সুপ্রিম কোর্টের রায়ের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করে অবৈধভাবে পরিচালিত ডেন্টাল চেম্বার ও ডেন্টাল টেকনোলজিস্টদের মাধ্যমে দাঁতের চিকিৎসা বন্ধে স্বাস্থ্য অধিদপ্তর, বিএমডিসি, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে অবৈধ চিকিৎসা প্রদানকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ডেন্টাল চেম্বার পরিচালনায় সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়।
দ্বিতীয়ত, দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে বিসিএস (BDS) ক্যাডার চিকিৎসকদের নেতৃত্বে একটি করে পূর্ণাঙ্গ ডেন্টাল সেন্টার প্রতিষ্ঠার দাবি জানানো হয়। এসব কেন্দ্রে ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, অর্থোডন্টিকস, এন্ডোডন্টিকস, পেরিওডন্টিকসসহ প্রয়োজনীয় সব ধরনের দন্তচিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রেস ব্রিফিংয়ে ডিএমজে প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, সুপ্রিম কোর্টের রায়ের যথাযথ বাস্তবায়ন, বিদ্যমান আইন প্রয়োগ এবং সরকারি পর্যায়ে ডেন্টাল সেবার সম্প্রসারণের মাধ্যমে দেশের জনগণ নিরাপদ, মানসম্মত ও আইনসম্মত দন্তচিকিৎসা সেবা নিশ্চিতভাবে পাবেন।

